প্রিন্ট এর তারিখ : ১৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬
নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন
||
মৎস্য খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যচাষি ও মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নের প্রত্যয় নিয়ে নারায়ণগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬।শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা ২৫ মিনিট পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ও প্রাঙ্গণে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। এতে ছিল বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী পর্ব, আলোচনা সভা এবং সফল মৎস্যচাষি ও সংশ্লিষ্টদের সম্মাননা ও পুরস্কার প্রদান।কর্মসূচির শুরুতে ব্যানার-ফেস্টুন নিয়ে একটি র্যালি বের করা হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। পরে সকাল ৯টা ৪৫ মিনিটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।জেলা মৎস্য কর্মকর্তা ড. আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মৎস্য খাতকে আরও এগিয়ে নিতে উৎপাদনের পাশাপাশি সংশ্লিষ্টদের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্ব দেন।তিনি বলেন, মৎস্যচাষি ও মৎস্যজীবীদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করতে হবে। নতুন উদ্যোক্তাদের মৎস্যচাষে আগ্রহী করে তুলতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি উৎপাদিত মাছের যথাযথ প্রক্রিয়াজাতকরণের সুযোগ বাড়াতে হবে।জেলা প্রশাসক আরও বলেন, জলাশয়ের পানি দূষণ রোধ করা গেলে মৎস্য উৎপাদন আরও বাড়ানো সম্ভব। মৎস্যচাষ সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনীতিতে এ খাতের অবদান আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সিফাত উদ্দিন, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এবং সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় মৎস্যচাষিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে স্থানীয় পর্যায়ে মৎস্য খাতে সাফল্য অর্জনকারী চাষি, ব্যক্তি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়া হয়। তাদের হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার ও পদক তুলে দেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।সদর উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এবং উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ