প্রিন্ট এর তারিখ : ২০ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬
হুমকিকে ভয় পাই না, মুক্তিযোদ্ধা হিসেবে ভোটের আহ্বান মোহাম্মদ আলীর
নিজস্ব প্রতিবেদক ||
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা–সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আমি একজন মুক্তিযোদ্ধা। কোনো হুমকি-ধামকিকে ভয় পাই না। মুক্তিযোদ্ধা হিসেবে আপনাদের অনুরোধ করছি সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে হাতি মার্কায় ভোট দেবেন।”
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে কাশিপুর এলাকায় গণসংযোগ শেষে বিকেলে নরসিংপুর এলাকার একটি স্কুল মাঠে আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ আলী বলেন, নরসিংপুরসহ এই এলাকায় নানা সমস্যা দীর্ঘদিন ধরে বিদ্যমান। বিশেষ করে তরুণ ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, “দেশ কোন পথে চলবে, উন্নয়ন কীভাবে হবে তা নির্ধারণ করবে তোমরাই। দেশের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব তোমাদের কাঁধে। তোমরা আমাকে সংসদে পাঠালে আমি এলাকার সমস্যাগুলো সমাধানে আন্তরিকভাবে কাজ করবো।”
নারী ভোটারদের প্রতিও বিশেষ আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা হাতি মার্কায় ভোট দিয়ে আমাকে এগিয়ে নিন। এই এলাকার উন্নয়ন ও সমস্যা সমাধানে আমি সবসময় আপনাদের পাশে থাকতে চাই। অতীতেও পাশে ছিলাম, আগামীতেও থাকবো। আমাকে জয়ী করে সেবার সুযোগ দিন।”
উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ