প্রিন্ট এর তারিখ : ১৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬
আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান, দোকান বন্ধ করে পালালেন শতাধিক ওষুধ বিক্রেতা
||
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:ওষুধ বিক্রিতে নির্ধারিত নিয়ম না মানা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজারে একটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর বাজারের দুই শতাধিক ওষুধের দোকান বন্ধ করে ব্যবসায়ীরা সরে যান।মঙ্গলবার (১৮ আগস্ট) আড়াইহাজার বাজারে এ অভিযান পরিচালনা করেন আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন।অভিযানে আল আমিন ফার্মেসিতে বিভিন্ন ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া যায়। ফার্মেসিটিতে ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ, অনুমোদনহীন ওষুধ বিক্রি, নির্ধারিত নিয়ম না মেনে অ্যান্টিবায়োটিক বিক্রি এবং ওষুধ বিক্রির রেজিস্ট্রার যথাযথভাবে সংরক্ষণ না করার বিষয়টি ধরা পড়ে।এসব অপরাধে ফার্মেসির দায়িত্বে থাকা মাহিন (৪০)-কে ওষুধ ও কসমেটিকস্ আইন, ২০২৩-এর ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারায় ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।অভিযান চলাকালে মোবাইল কোর্টের উপস্থিতির খবর দ্রুত বাজারে ছড়িয়ে পড়ে। এরপর আড়াইহাজার বাজারের দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী তাদের দোকান বন্ধ করে সরে যান বলে জানা গেছে।অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন বলেন, ওষুধ বিক্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন ও নির্ধারিত বিধিবিধান যথাযথভাবে মেনে চলতে হবে। জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ওষুধের মান, বিক্রির নিয়ম এবং সংরক্ষণবিধি নিশ্চিত করার পাশাপাশি অননুমোদিত ওষুধের বেচাকেনা বন্ধে নিয়মিত নজরদারি ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ