প্রিন্ট এর তারিখ : ১৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬
কাউন্সিলর প্রার্থী জামাল হোসাইনের উদ্যোগে সানারপাড়ে ফ্রি চক্ষু চিকিৎসা
||
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের সানারপাড় বটতলা এলাকায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) কাউন্সিলর প্রার্থী মুহাম্মাদ জামাল হোসাইনের উদ্যোগে এ মানবিক কার্যক্রমের আয়োজন করা হয়।দিনব্যাপী আয়োজিত ক্যাম্পে বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুরা চিকিৎসাসেবা নিতে অংশ নেন। অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞরা আগত রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা করেন এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা ও পরামর্শ দেন।ক্যাম্পে চিকিৎসাসেবার পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় রোগীদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়। পরীক্ষার সময় যেসব রোগীর চোখে ছানি বা অন্যান্য জটিলতা শনাক্ত হয়েছে, তাদের পরবর্তী চিকিৎসার ব্যবস্থাও নেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ নেওয়ার কথা জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে।সকাল থেকেই ক্যাম্পস্থলে চিকিৎসাসেবা নিতে মানুষের উপস্থিতি দেখা যায়। স্থানীয় নারী-পুরুষের পাশাপাশি শিশুদেরও চোখ পরীক্ষা করাতে দেখা গেছে।২ নম্বর ওয়ার্ড উন্নয়ন ফোরামের ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি ও মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার।প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। স্থানীয় পর্যায়ে এ ধরনের কার্যক্রম মানুষের মৌলিক প্রয়োজন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।তিনি আরও বলেন, একটি সুস্থ ও মানবিক সমাজ গঠনে সমাজের সামর্থ্যবান ব্যক্তি এবং সেবামূলক কাজে আগ্রহীদের এগিয়ে আসা প্রয়োজন। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ অন্যদেরও জনকল্যাণমূলক কাজে উৎসাহিত করবে।অনুষ্ঠানে কাউন্সিলর প্রার্থী মুহাম্মাদ জামাল হোসাইন বলেন, মানুষের কল্যাণে কাজ করাই তাদের মূল লক্ষ্য। ২ নম্বর ওয়ার্ডকে একটি সুন্দর, মানবিক ও সেবামুখী এলাকা হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।চক্ষু ক্যাম্পটি সফলভাবে পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন সংগঠনের সেক্রেটারি হাবিবুর রহমান, এনায়েতুল্লাহ, সাজ্জাদ হোসাইন ও মাওলানা আবু ইউসুফ। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ