প্রিন্ট এর তারিখ : ২৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬
ফতুল্লার শান্তিধারায় ডাকাতির প্রস্তুতিকালে মিলন-সাজিদ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার
||
নারায়ণগঞ্জের ফতুল্লার শান্তিধারা এলাকায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে রামদা, তলোয়ার, ছুরি, সুইচ গিয়ার, কুড়াল ও এসএস পাইপসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ডিবি ক-জোনের একটি আভিযানিক দল শান্তিধারা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।গ্রেপ্তাররা হলেন—রকি সরকার ওরফে নাঈম (২৫), আজমান ওরফে লেম্বর (২৫) এবং রায়হান (২৩)। তারা বর্তমানে ফতুল্লার শান্তিধারা এলাকার বিভিন্ন বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে ডিবির একটি দল অভিযানটি পরিচালনা করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা গত ১৮ আগস্ট সাইনবোর্ড এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ানোর কথা স্বীকার করেছে বলে দাবি করেছে পুলিশ। একই সঙ্গে তারা মিলন-সাজিদ ও শান্তদের নেতৃত্বে অস্ত্র নিয়ে একত্রিত হয়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ডাকাতির প্রস্তুতি নেওয়ার কথাও স্বীকার করেছে বলে পুলিশের ভাষ্য।গ্রেপ্তারদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬টি রামদা, ৩টি তলোয়ার, ২টি ছুরি, একটি সুইচ গিয়ার, সাইকেলের স্পোক দিয়ে তৈরি ২টি কুড়াল এবং ২টি এসএস পাইপ।এ ঘটনায় এসআই রুবেল মিয়া বাদী হয়ে গ্রেপ্তার ও পলাতক কয়েকজনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় ২৪ আগস্ট পেনাল কোডের ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে।পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ