প্রিন্ট এর তারিখ : ২৭ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬
ফতুল্লায় গৃহ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা চক্রের ২ সদস্য গ্রেপ্তার
||
ফতুল্লায় গৃহ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা চক্রের ২ সদস্য গ্রেপ্তারনারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে তাদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণ, ডাকাতিতে ব্যবহৃত মোবাইল ফোন, স্বর্ণ গলানোর সরঞ্জাম ও একটি ব্যাংক হিসাবের তথ্য উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, গত ৮ আগস্ট ভোররাত সাড়ে ৩টা থেকে ৪টা ২৫ মিনিটের মধ্যে ফতুল্লার ভুঁইগড় তালতলা সামছুল হক খান মসজিদ এলাকার মো. হান্নান হোসাইনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনের একটি দল বাড়ির গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের মারধর করে তারা প্রায় ১০ ভরি স্বর্ণ ও নগদ ৭ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।ঘটনার পর ফতুল্লা মডেল থানায় ৮ আগস্ট মামলা দায়ের করা হয়। মামলাটির নম্বর-৩২ এবং এতে দণ্ডবিধির ৩৯৫ ও ৩৯৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।মামলাটির তদন্তের পাশাপাশি ডাকাতদের শনাক্ত করতে কাজ শুরু করে পুলিশ। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের নেতৃত্বে ডিবির একটি দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের সহায়তায় জড়িতদের শনাক্ত করে।এরপর তদন্তকারী কর্মকর্তা ও ডিবির সদস্যরা ঢাকার তুরাগ, ডিএমপির বিভিন্ন থানা এলাকা এবং নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার কাঁচপুর এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করেন। অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরিশালের বাকেরগঞ্জ থানার বিহারীপুর এলাকার শহিদুল খান (৪৬) এবং নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার কাঁচপুরের সোনাপুর এলাকার কাউসার মল্লিক ওরফে হৃদয় (২৭)।অভিযানে তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, ডাকাতির ঘটনায় লুণ্ঠিত ১ ভরি ২ রতি স্বর্ণ এবং স্বর্ণ গলানোর বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ডাকাতদের ব্যবহৃত একটি ব্যাংক হিসাবও শনাক্ত করা হয়েছে।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা নিজেদের আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য বলে স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ফতুল্লার ওই বাড়িতে ডাকাতির ঘটনায় মোট ১৪ জনের একটি দল অংশ নিয়েছিল।পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও ডাকাতির সময় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।ফতুল্লার এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ