প্রিন্ট এর তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬
জিয়ার আদর্শে ঐক্যবদ্ধ থাকতে হবে নেতাকর্মীদের: এমপি মান্নান
||
গণতান্ত্রিক অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি জনগণের অধিকার রক্ষায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা বাসস্টেশন এলাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।এমপি মান্নান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতাকর্মীদের সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম এবং ত্যাগের মাধ্যমে বিএনপি জনগণের অধিকার আদায়ের জন্য কাজ করে আসছে।তিনি আরও বলেন, বর্তমান ও ভবিষ্যতের যেকোনো অর্জন ধরে রাখতে নেতাকর্মীদের জনগণের পাশে থেকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। দলের কোনো নেতাকর্মীর মাধ্যমে অন্যায় কিংবা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।সোনারগাঁ উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।সমাবেশকে ঘিরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক মিছিল নিয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় জড়ো হন। এ সময় তাদের হাতে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন দেখা যায়। আয়োজকদের দাবি, সমাবেশে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করেন। র্যালিটি মোগরাপাড়া চৌরাস্তার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। কর্মসূচিকে কেন্দ্র করে মোগরাপাড়া ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ