প্রিন্ট এর তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
বন্দরে ট্রাকচাপায় নারী গার্মেন্টসকর্মী নিহত, মহাসড়ক অবরোধ
||
বন্দরে ট্রাকচাপায় নারী গার্মেন্টসকর্মী নিহত, মহাসড়ক অবরোধনারায়ণগঞ্জের বন্দরের মদনপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় এক নারী গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। তাঁর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। দুর্ঘটনার পর জাহিন গার্মেন্টসের শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দিলে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে বন্দর থানার মদনপুর এলাকায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে জাহিন গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, চট্টগ্রামগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৯৬০৫) বেপরোয়া গতিতে যাওয়ার সময় ওই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর জাহিন গার্মেন্টসের কর্মীরা ক্ষুব্ধ হয়ে মহাসড়কের উভয় পাশে অবস্থান নেন। একপর্যায়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং বিভিন্ন গন্তব্যের যাত্রীরা দুর্ভোগে পড়েন।কাচপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনজিল আহমেদ বলেন, মদনপুর এলাকায় ট্রাকচাপায় এক নারী গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।তিনি জানান, নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ