প্রিন্ট এর তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
বন্দরে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা
||
বন্দরে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রাশ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদ, বন্দর উপজেলা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় সোনাকান্দা ঋষিপাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বন্দর উপজেলা শাখার সভাপতি শ্রীহরি সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী সুজন চন্দ্র দাস।পরে সোনাকান্দা ঋষিপাড়া থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি বন্দর ঋষিপাড়া, রুপালী, বাবুপাড়া, বন্দর বাজার ও আমিন আবাসিক এলাকাসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় জন্মাষ্টমীর শোভাযাত্রার সঙ্গে মিলিত হয়।শোভাযাত্রায় শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেন। অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন দেখা যায়। ধর্মীয় উৎসবের আবহে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা।কর্মসূচিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শ্রী প্রদীপ কুমার দাস, সাংগঠনিক সম্পাদক অশোক সরকার, মহানগর শাখার সভাপতি শ্রী লিটন চন্দ্র পাল, সাধারণ সম্পাদক শ্রী অরুন দেবনাথ ও যুগ্ম সাধারণ সম্পাদক অজয় সূত্রধর উপস্থিত ছিলেন।এ ছাড়া বাংলাদেশ যুব ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শ্রী আনন্দ কুমার সেরাওগী সুমন, বন্দর উপজেলা শাখার সভাপতি শ্রীহরি সাহা, সহ-সভাপতি অবনী রঞ্জন হালদার ও নারায়ণ বর্মন, সাংগঠনিক সম্পাদক কার্তিক সূত্রধর এবং সাধারণ সম্পাদক শ্রী সুজন চন্দ্র দাসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।আয়োজকরা জানান, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জন্মাষ্টমী উদযাপনের অংশ হিসেবেই এ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। বন্দর থেকে বের হওয়া শোভাযাত্রাটি পরে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় শোভাযাত্রায় যোগ দেওয়ার মধ্য দিয়ে কর্মসূচি শেষ করে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ