প্রিন্ট এর তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬
মাতলামির ভিডিও ভাইরাল, নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার
||
নারায়ণগঞ্জে অস্বাভাবিক আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সদর নৌ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ।শুক্রবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে শহরের শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে সদর নৌ থানার পাশের সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশের এই কর্মকর্তা অসংলগ্ন ও অস্বাভাবিক আচরণ করছেন। কখনও তাকে মাটিতে বসে গান গাইতে, আবার কখনও নাচতে দেখা যায়। একপর্যায়ে তাকে কান্নাকাটি করতেও দেখা যায়। তার এমন আচরণ দেখে আশপাশের লোকজন সেখানে জড়ো হন।ভিডিও ধারণের সময় উপস্থিত কয়েকজন ব্যক্তি তার এমন আচরণের কারণ জানতে চাইলে আব্দুল মান্নান পারিবারিক সমস্যার কথা বলেন। তিনি দাবি করেন, স্ত্রী তাকে মারধর করেছেন এবং এ কারণেই তিনি মদ পান করেছেন।তবে সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, এসআই আব্দুল মান্নান পারিবারিক বিভিন্ন কারণে মানসিক সমস্যায় ভুগছেন। এ বিষয়ে তার পরিবারের কাছ থেকে চিকিৎসাসংক্রান্ত কাগজপত্রও সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি।শনিবার (৫ সেপ্টেম্বর) ওসি রকিবুজ্জামান নিশ্চিত করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা ব্যক্তি সদর নৌ থানার এসআই আব্দুল মান্নান।তিনি আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের অবহিত করার পর আব্দুল মান্নানকে ক্লোজড বা প্রত্যাহার করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত কার্যক্রম চলছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ