প্রিন্ট এর তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬
দায়িত্ব নিয়েই অ্যাকশনে এসপি হাবিবুর
||
নারায়ণগঞ্জ জেলার সাতটি থানায় টানা তিন দিনের বিশেষ অভিযান চালিয়ে মাদকসংশ্লিষ্ট ব্যক্তি, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অভিযোগে ৩২৮ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। নবাগত পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান দায়িত্ব গ্রহণের পরপরই পরিচালিত এই অভিযানকে কেন্দ্র করে জেলায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ৫ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত টানা ৭২ ঘণ্টা জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়। প্রথম দিনে গ্রেপ্তার করা হয় ১২২ জনকে। পরদিন পুলিশের জালে পড়েন আরও ১০৬ জন। তৃতীয় দিন গ্রেপ্তারের সংখ্যা ছিল ১০০ জন। তিন দিনের হিসাবে মোট গ্রেপ্তার দাঁড়ায় ৩২৮ জনে।সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।৭ সেপ্টেম্বর পরিচালিত অভিযানে সাত থানায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে সদর মডেল থানায় ৭ জন, ফতুল্লায় ২১ জন, রূপগঞ্জে ১০ জন, বন্দরে ২২ জন, সিদ্ধিরগঞ্জে ১৪ জন, সোনারগাঁয়ে ২০ জন এবং আড়াইহাজারে ৬ জন রয়েছেন।পুলিশ জানায়, ফতুল্লা থানা এলাকায় ওইদিন গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে মাদকসেবন ও মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ১৭ জন রয়েছেন। এছাড়া পরোয়ানাভুক্ত দুইজন এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তিন বোতল বিদেশি মদ, ১০ পিস ইয়াবা ও ছয় পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।বন্দর থানা এলাকায় ২২ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে বৈষম্যবিরোধী মামলার তিনজন আসামি, ছিনতাইয়ের অভিযোগে একজন, মাদকসেবনের অভিযোগে তিনজন এবং মাদক ব্যবসার অভিযোগে চারজন রয়েছেন। এছাড়া বিভিন্ন জিআর ও সিআর পরোয়ানার আসামিও ছিলেন গ্রেপ্তারদের মধ্যে। এ সময় ১০১ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ এবং দুটি মাদক মামলা করা হয়।রূপগঞ্জে বিশেষ অভিযানে ১০ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করার পাশাপাশি ১০৬ বোতল ফায়ার ডিল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সিদ্ধিরগঞ্জে ১৪ জন মাদকসংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে সোনারগাঁয়ে মাদকসংশ্লিষ্ট ব্যক্তি, নিয়মিত মামলার আসামি ও পরোয়ানাভুক্তসহ ২০ জন এবং আড়াইহাজারে বিভিন্ন মামলার ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়।এর আগে ৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টার আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে জেলা পুলিশ। ওই অভিযানে ১০৬ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ফতুল্লায় ৩১ জন, সদর মডেল থানায় ২২ জন, রূপগঞ্জে ১৮ জন, সিদ্ধিরগঞ্জে ১৪ জন, বন্দরে ১১ জন এবং সোনারগাঁ ও আড়াইহাজারে পাঁচজন করে গ্রেপ্তার হন।জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, মাদকসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের অভিযান চলমান রয়েছে। অপরাধীদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।তিনি আরও বলেন, নারায়ণগঞ্জকে নিরাপদ রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ