প্রিন্ট এর তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক স্বীকৃতি পেল নারায়ণগঞ্জের সিটি পার্ক
||
আন্তর্জাতিক স্বীকৃতি পেল নারায়ণগঞ্জের সিটি পার্ক-বাবুরাইল খাল প্রকল্পদখল-দূষণে বিপর্যস্ত নগর এলাকার পুনরুদ্ধার ও জনসাধারণের জন্য উন্মুক্ত পরিসর তৈরির উদ্যোগ এবার আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত হয়েছে। নারায়ণগঞ্জ সিটি পার্ক ও বাবুরাইল খাল পুনরুদ্ধার প্রকল্প ২০২৬ সালের কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব আর্কিটেক্টসের (সিএএ) সামাজিক প্রভাব পুরস্কারের রিজিওনাল বিভাগে বিজয়ী হয়েছে।নিউজিল্যান্ডের অকল্যান্ডে বুধবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সিএএর সাধারণ সভার অনুষ্ঠানে প্রকল্প দুটির পক্ষে পুরস্কার গ্রহণ করেন ‘ভিত্তি স্থপতি বৃন্দ লিমিটেড’-এর প্রতিষ্ঠাতা পরিচালক স্থপতি ইশতিয়াক জহির তিতাস এবং প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান স্থপতি ইকবাল হাবিব।নারায়ণগঞ্জের এই দুই প্রকল্পের পরামর্শ ও নকশা প্রণয়নের দায়িত্বে ছিল ‘ভিত্তি স্থপতি বৃন্দ লিমিটেড’। নগর পরিবেশের উন্নয়ন, জলাধার পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের ব্যবহার উপযোগী গণপরিসর তৈরিতে প্রকল্পগুলোর ভূমিকার জন্যই এবারের স্বীকৃতি এসেছে।প্রায় তিন কিলোমিটার দীর্ঘ বাবুরাইল খাল একসময় শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর মধ্যে গুরুত্বপূর্ণ জলপথ হিসেবে ব্যবহৃত হতো। পণ্য ও যাত্রী পরিবহনের নৌযান চলাচলের পাশাপাশি খালটি নগরবাসীর দৈনন্দিন জীবন ও বিনোদনের সঙ্গেও যুক্ত ছিল। সময়ের সঙ্গে দখল, বর্জ্য ও দূষণের কবলে পড়ে খালটির স্বাভাবিক প্রবাহ প্রায় বন্ধ হয়ে যায়।পুনরুদ্ধার প্রকল্পের মাধ্যমে খালের জলপ্রবাহ ফিরিয়ে আনার পাশাপাশি এর দুই তীরে হাঁটার পথ, সেতু, সবুজায়ন ও বিভিন্ন জনপরিসর তৈরি করা হয়। ফলে দীর্ঘদিন অবহেলিত একটি জলাধার নতুন করে নগরবাসীর ব্যবহারযোগ্য পরিসরে পরিণত হয়।বিশ্বব্যাংকের সহযোগিতায় বাস্তবায়িত বাবুরাইল খাল পুনরুদ্ধার প্রকল্পটি এর আগেও আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা পেয়েছে। ২০১৬ সালে ইউএন-হ্যাবিট্যাটের ‘এশিয়ান টাউনস্কেপ জুরি অ্যাওয়ার্ড’ এবং ২০১৭ সালে ইউএনডিপির ‘স্মার্ট সিটি ইনোভেশন অ্যাওয়ার্ড’ অর্জন করে প্রকল্পটি।অন্যদিকে দেওভোগ এলাকায় প্রায় ১৮ একর জায়গাজুড়ে গড়ে ওঠা নারায়ণগঞ্জ সিটি পার্কের বর্তমান রূপও দীর্ঘদিনের একটি নগর উন্নয়ন উদ্যোগের ফল। শুরুতে ‘শেখ রাসেল নগর পার্ক’ নামে পরিচিত এ স্থানটি একসময় ছিল পরিত্যক্ত জলাশয় ও ময়লার ভাগাড়। তৎকালীন সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর উদ্যোগে সংস্কার ও সৌন্দর্যবর্ধনের মাধ্যমে স্থানটিকে আধুনিক নগর পার্কে রূপ দেওয়া হয়।বর্তমানে সিটি পার্ক নগরবাসীর অবসর ও বিনোদনের অন্যতম জনপ্রিয় স্থান। ব্যস্ত নগরজীবনের মধ্যে হাঁটাচলা, পরিবার নিয়ে সময় কাটানো এবং খোলামেলা পরিবেশে কিছুটা স্বস্তি পাওয়ার সুযোগ তৈরি করেছে পার্কটি।সিটি পার্ক ও বাবুরাইল খাল—দুই প্রকল্পই নারায়ণগঞ্জের নগরপরিকল্পনায় ভিন্ন মাত্রা যুক্ত করেছে। বিশেষ করে বাবুরাইল খালের পরিকল্পনায় স্থানীয় মানুষের ব্যবহার, পরিবেশ সংরক্ষণ এবং জলনির্ভর নগরপরিসরকে গুরুত্ব দেওয়া হয়েছে।পরিত্যক্ত, দখল ও দূষণে ক্ষতিগ্রস্ত স্থানকে মানুষের জন্য উন্মুক্ত, নান্দনিক ও পরিবেশবান্ধব পরিসরে রূপ দেওয়ার এই উদ্যোগের স্বীকৃতি হিসেবে কমনওয়েলথের পুরস্কারকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। তৎকালীন মেয়র আইভীর উদ্যোগে নেওয়া নগর উন্নয়নের এসব প্রকল্প নারায়ণগঞ্জের নগরচিত্র বদলে দেওয়ার পাশাপাশি এবার আন্তর্জাতিক পুরস্কারের মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ