প্রিন্ট এর তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬
জনগণ ভুল ধরিয়ে দিক, জবাবদিহি করব: এমপি আব্দুল্লাহ আল আমিন
||
মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। তিনি বলেছেন, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজিমুক্ত ও নিরাপদ নারায়ণগঞ্জ গড়তে সামাজিকভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।শুক্রবার গোগনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কেন্দ্রীয় বাইতুচ্ছালাত জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন তিনি। নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে এলাকার মাদক ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন সংসদ সদস্য।আব্দুল্লাহ আল আমিন বলেন, মাদক প্রতিরোধ শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়। এ ক্ষেত্রে ইমাম, আলেম-ওলামা, এলাকার মুরব্বি ও যুবসমাজকে সম্পৃক্ত করে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।সমাজে আলেম-ওলামাদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে তাদের সত্য কথা বলতে হবে। কোনো বক্তব্য কারও পক্ষে বা বিপক্ষে গেলেও ন্যায় ও সত্যের অবস্থান থেকে সরে আসা উচিত নয়। পাশাপাশি যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে নৈতিক নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।তিনি বলেন, মাদক, সন্ত্রাস, জলাবদ্ধতা কিংবা নাগরিক দুর্ভোগ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সমস্যা নয়। এসব সমস্যা এলাকার সব মানুষের জীবনকে প্রভাবিত করে। তাই এলাকার স্বার্থে রাজনৈতিক মতভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।জনপ্রতিনিধিদের জবাবদিহির বিষয়েও গুরুত্বারোপ করেন নারায়ণগঞ্জ-৪ আসনের এই সংসদ সদস্য। তিনি বলেন, তিনি নিজেও কোনো অন্যায় করলে জনগণ যেন তাকে প্রশ্ন করেন এবং তার ভুল ধরিয়ে দেন।রাষ্ট্রীয় উন্নয়ন বরাদ্দকে জনগণের সম্পদ উল্লেখ করে আব্দুল্লাহ আল আমিন বলেন, এসব অর্থ কোনো ব্যক্তি, পরিবার কিংবা রাজনৈতিক দলের স্বার্থে ব্যবহার করা উচিত নয়। জনগণের কল্যাণ নিশ্চিত করাই উন্নয়ন বরাদ্দ ব্যবহারের মূল উদ্দেশ্য হওয়া উচিত।তিনি আরও বলেন, অতিরিক্ত প্রোটোকল ও আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের কথা শুনতে চান তিনি। এলাকার মানুষের সমস্যা সরাসরি জেনে তা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করার কথাও জানান সংসদ সদস্য।জুমার নামাজ শেষে মুসুল্লি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন আব্দুল্লাহ আল আমিন। এ সময় তিনি এলাকাবাসীর বিভিন্ন সমস্যা ও অভিযোগ শোনেন। পরে তিনি এলাকার বিভিন্ন স্থান ঘুরে নাগরিক সমস্যাগুলো সরেজমিনে দেখেন।এমপি আব্দুল্লাহ আল আমিন বলেন, নিরাপদ ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়তে শুধু জনপ্রতিনিধি বা প্রশাসনের ওপর নির্ভর করলে হবে না। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জনসচেতনতা ও সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ