প্রিন্ট এর তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬
সিদ্ধিরগঞ্জে দুই শিশু অ'পহরণ মা'মলায় মানব পাচার চক্রের আরও এক সদস্য গ্রেপ্তার
||
সিদ্ধিরগঞ্জে দুই শিশু অপহরণ মামলায় মানব পাচার চক্রের আরও এক সদস্য গ্রেপ্তারনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে দুই শিশুকে অপহরণ করে পাচারের চেষ্টার ঘটনায় মানব পাচার চক্রের আরও এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তার স্টিভ মার্টিন ডি রোজারিওকে তিন দিনের পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।পিবিআই নারায়ণগঞ্জ জেলা ইউনিটের ইনচার্জ পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ, বিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন।পিবিআই জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় পাওয়া তথ্য, গোয়েন্দা তথ্য এবং গোপন সূত্রের ভিত্তিতে গত ৭ সেপ্টেম্বর রাত ২টার দিকে ঢাকার শেরেবাংলা নগর থানার আগারগাঁও তালতলা এলাকার মা ভিলা গলির একটি বাসায় অভিযান চালানো হয়। অভিযানে স্টিভ মার্টিন ডি রোজারিওকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হলে আদালত তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তাকে পুনরায় আদালতে সোপর্দ করা হয়েছে।ঘটনার সূত্রপাত চলতি বছরের ২১ এপ্রিল। মামলার এজাহার ও পিবিআইয়ের তদন্ত সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের মধ্যে সিদ্ধিরগঞ্জের বাসিন্দা ঝর্না আক্তারের অজ্ঞাতে তার দুই সন্তানকে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ ওঠে। শিশু দুজন হলো পাঁচ বছর বয়সী আরিয়ান এবং ২৮ দিন বয়সী আব্দুর রহমান জুবায়ের।অভিযোগ অনুযায়ী, ঝর্না আক্তারের স্বামী মো. মেজবাহ উদ্দিন পূর্বপরিচিত এমদাদুল হক রাব্বানীর সহযোগিতায় পরিকল্পিতভাবে শিশু দুটিকে নিয়ে যান। পরে সন্তানদের পাচারের উদ্দেশ্যে বিক্রির জন্য অপহরণ করা হয়েছে এমন তথ্য পেয়ে থানায় অভিযোগ করেন তাদের মা।ঘটনার তদন্তে নেমে গত ১৩ মে রাতে ঢাকার সাভারের আড়াপাড়া নিঝুমনিবাস এলাকা থেকে মেজবাহ উদ্দিনের হেফাজত থেকে পাঁচ বছর বয়সী শিশু আরিয়ানকে উদ্ধার করে পিবিআই। এ সময় মেজবাহ উদ্দিনকেও গ্রেপ্তার করা হয়।পরবর্তীতে তার দেওয়া তথ্য, আদালতে দেওয়া জবানবন্দি এবং প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে গত ১৮ মে ঢাকার কড়াইল বস্তির টিএনটি গেট এলাকা থেকে এমদাদুল হক রাব্বানীকে গ্রেপ্তার করা হয়।একই রাতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পল্লবী এলাকায় অভিযান চালিয়ে নূর-ই-নাসরিন নামে আরও একজনকে গ্রেপ্তার করে পিবিআই। এ সময় তার হেফাজত থেকে ২৮ দিন বয়সী শিশু আব্দুর রহমান জুবায়েরকে উদ্ধার করা হয়।পিবিআই জানায়, গ্রেপ্তার এমদাদুল হক রাব্বানী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার সময় স্টিভ মার্টিন ডি রোজারিওর সম্পৃক্ততার বিষয়ে তথ্য দেন।তদন্ত সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আসামিদের আদালতে দেওয়া বক্তব্য, তথ্যপ্রযুক্তির মাধ্যমে পাওয়া বিভিন্ন তথ্য-উপাত্ত এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণের পর স্টিভ মার্টিনের সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পায় পিবিআই। রিমান্ডে জিজ্ঞাসাবাদকালে তিনি মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলেও জানিয়েছে সংস্থাটি।পিবিআইয়ের দাবি, তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে স্টিভ মার্টিন ডি রোজারিওকে একটি সক্রিয় মানব পাচার চক্রের সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে।তদন্তে আরও জানা গেছে বলে পিবিআই জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সহযোগীদের সহায়তায় দেশের বিভিন্ন এলাকার দরিদ্র ও অসচ্ছল পরিবারের শিশুদের টার্গেট করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিভিন্ন প্রলোভন ও কৌশল ব্যবহার করে শিশু সংগ্রহ এবং দেশের বিভিন্ন স্থানে পাচারের সঙ্গে তার সম্পৃক্ততার তথ্যও তদন্তে উঠে এসেছে বলে জানিয়েছে সংস্থাটি।এ ছাড়া, আরও কয়েকজন শিশুকে পাচারের ঘটনায় তার সম্পৃক্ততার বিষয়ে তথ্য-প্রমাণ যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পিবিআই।পাচারের সঙ্গে জড়িত অন্য শিশুদের উদ্ধারের পাশাপাশি চক্রটির অন্যান্য সদস্যকে শনাক্ত ও গ্রেপ্তারে পিবিআই নারায়ণগঞ্জ জেলার তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।এ ঘটনায় গত ১৩ মে সিদ্ধিরগঞ্জ থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর ৬/৭/৮/১০ ধারায় মামলা দায়ের করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ