প্রিন্ট এর তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬
চাষাড়ার শুভ হত্যা মামলায় নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন, রিমান্ড আবেদন
||
নারায়ণগঞ্জের চাষাড়ায় শ্রী শুভ চন্দ্র দাস (৩০) হত্যা মামলার তদন্তে নতুন অগ্রগতি হয়েছে। হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে মো. সাকিব সরকার দিমুন ওরফে ধিমন (২৩) নামে আরও এক যুবককে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী সদর থানার শিলমান্দী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৫ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে হকার্স মার্কেটের পেছনে দুর্গামলের সামনে সড়ক থেকে শুভ চন্দ্র দাসের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে।নিহত শুভ চন্দ্র দাস নারায়ণগঞ্জ সদর থানার গলাচিপা এলাকার শ্রী হরি চন্দ দাসের ছেলে। ঘটনার পর তার বাবা বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা করেন। মামলাটি সদর মডেল থানার মামলা নম্বর-০৮, তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৬। এতে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে নবনিযুক্ত নারায়ণগঞ্জ পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ দল। ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে তদন্ত কার্যক্রম পরিচালিত হয়।তদন্তের শুরুতেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করে পুলিশ। এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়। তাদের মধ্যে দুজন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আর সুমন নামে অপর একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত পাঁচ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।পুলিশের ভাষ্য, রিমান্ডে থাকা সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। পাশাপাশি গ্রেপ্তার ও আটক ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্য এবং ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ধিমনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায় বলে তদন্তকারীরা জানান।এরপর ধিমনকে গ্রেপ্তারে অভিযান শুরু করে ডিবি। তদন্তকারী কর্মকর্তা এসআই মফিজুল ইসলাম, পিপিএমের নেতৃত্বে ডিবির একটি দল বুধবার দুপুরে নরসিংদী সদর থানার শিলমান্দী এলাকায় অভিযান চালায়। দুপুর ১টা ১০ মিনিটের দিকে সেখান থেকে সাকিব সরকার দিমুন ওরফে ধিমনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ধিমন নারায়ণগঞ্জের ফতুল্লা থানার হাজীগঞ্জ এলাকার বাসিন্দা। পাঠানতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীত পাশের এলাকার নাদির সরকারের ছেলে তিনি।ডিবি জানিয়েছে, গ্রেপ্তারের সময় ধিমনের কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ড চেয়ে বুধবার আদালতে পাঠানো হয়েছে।পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, শুভ চন্দ্র দাস হত্যাকাণ্ডে আরও কারা জড়িত, হত্যার পেছনের প্রকৃত কারণ কী এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য তথ্য কী—এসব বিষয় নিশ্চিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ