প্রিন্ট এর তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬
মেঘনায় গোসল করতে গিয়ে নিখোঁজ ৩ শিক্ষার্থী, কয়েক ঘণ্টার ব্যবধানে সবার মরদেহ উদ্ধার
||
সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া তিন স্কুলশিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে উদ্ধার অভিযান চালিয়ে যমজ দুই ভাই আসেকিন ও আরেফিন এবং তাদের বন্ধু আবিরের মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা।নিহত তিন শিক্ষার্থী হলো মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ এলাকার মোহাম্মদ ফারুকের যমজ ছেলে আসেকিন (১৫) ও আরেফিন (১৫) এবং একই এলাকার আব্দুল আলিমের ছেলে আবির (১৪)।স্থানীয় সূত্রে জানা গেছে, তিনজনই মোগরাপাড়া এইচ.জি.জি.এস. স্মৃতি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। আসেকিন ও আরেফিন নবম শ্রেণিতে এবং আবির অষ্টম শ্রেণিতে পড়ত।ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, রোববার সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল তারা। পরে স্কুলে না গিয়ে চার বন্ধু মিলে ভাটিবন্দর বালুরমাঠ এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তাদের সঙ্গে থাকা একজন পানি থেকে উঠে এলেও বাকি তিনজন নিখোঁজ হয়।ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে ঢাকার ডুবুরি দল ঘটনাস্থলে এসে অভিযানে যোগ দেয়।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে নিখোঁজ তিন শিক্ষার্থীর মধ্যে যমজ দুই ভাই আসেকিন ও আরেফিনের মরদেহ উদ্ধার করা হয়। এরপর বিকেল ৫টার দিকে আবিরের মরদেহও উদ্ধার করেন ডুবুরিরা।ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা মরদেহগুলো পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ