প্রিন্ট এর তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা–নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া বাড়ানোর প্রতিবাদ ছাত্র ফেডারেশনের
||
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর ঢাকা–নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৫৫ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা নির্ধারণের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা। একই সঙ্গে শিক্ষার্থীদের হাফ ভাড়া বাড়ানোর সিদ্ধান্তও প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনটির নারায়ণগঞ্জ কলেজ শাখার নেতৃবৃন্দ বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে সাধারণ মানুষের দৈনন্দিন খরচ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর মধ্যে গণপরিবহনের ভাড়া বাড়ানো হলে শিক্ষার্থীসহ নিম্ন ও মধ্যম আয়ের মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হবে।বিবৃতিতে বলা হয়, ঢাকা–নারায়ণগঞ্জ রুটে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তারা মনে করছেন। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত হাফ ভাড়ার পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েও আপত্তি জানিয়েছে সংগঠনটি।ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার নেতৃবৃন্দের ভাষ্য, পরিবহন ভাড়া বৃদ্ধির ফলে শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াত ব্যয় বাড়বে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব মোকাবিলায় সাধারণ মানুষের ওপর অতিরিক্ত ব্যয়ের বোঝা না চাপিয়ে সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।সংগঠনটি অবিলম্বে বাসভাড়া ও হাফ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে। পাশাপাশি জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধিজনিত সমস্যার কার্যকর সমাধানে রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক পক্ষগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।এ ছাড়া ঢাকা–নারায়ণগঞ্জে বাসভাড়া বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে শহরের বিভিন্ন রাজনৈতিক দল, প্রগতিশীল সংগঠন ও ছাত্র সংগঠনের প্রতিনিধিদের ঐক্যবদ্ধভাবে নিজেদের অবস্থান তুলে ধরার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখা।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ