প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে বিকেএমইএ নেতাদের বৈঠক
||
দেশের তৈরি পোশাক ও নিটওয়্যার শিল্পের বর্তমান পরিস্থিতি, জ্বালানি সংকট এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগী সক্ষমতা নিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর পরিচালনা পর্ষদের সদস্যরা।বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে সংগঠনের নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, সহসভাপতি মো. শামসুজ্জামান (সিআইপি), মো. মোরশেদ সারোয়ার সোহেল, আশিকুর রহমান, ফকির কামরুজ্জামান নাহিদসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।সাক্ষাতে দেশের নিটওয়্যার ও তৈরি পোশাক খাতের বর্তমান অবস্থা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বিকেএমইএ সভাপতি সাম্প্রতিক গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে শিল্পের উৎপাদন কার্যক্রম, সরবরাহ ব্যবস্থা এবং রপ্তানি সক্ষমতার ওপর তৈরি হওয়া চাপের বিষয়টি রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপ, দীর্ঘমেয়াদি জ্বালানি ব্যবস্থাপনা এবং শিল্পের উৎপাদন ব্যয় কমাতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে শিল্প খাত সচল রাখতে সরকারের বিভিন্ন উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন বিকেএমইএ সভাপতি।জবাবে রাষ্ট্রপতি শিল্প মালিকদের সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থার দিকে এগিয়ে আসার আহ্বান জানান। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি ধরে রাখতে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।সাক্ষাতে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) কর্তৃক উপস্থাপিত একটি পত্রের বিষয়ও রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন মোহাম্মদ হাতেম। তিনি জানান, সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় ইতোমধ্যে দিকনির্দেশনা দিয়েছে এবং বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।এ বিষয়ে রাষ্ট্রপতি জানান, তার দপ্তর থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যেই ওই পত্র পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অন্যান্য অংশীজনের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে তিনি জানান। একই সঙ্গে বিষয়টি নিয়ে বিকেএমইএকেও একটি পত্র দেওয়ার পরামর্শ দেন রাষ্ট্রপতি।আলোচনায় দেশের অর্থনীতিকে সচল রাখতে সরকার, শিল্প মালিক ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও উঠে আসে। রাষ্ট্রপতি বলেন, অর্থনীতি শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরিতে অর্থনীতি, শিল্প ও ব্যবসাবান্ধব নীতি গ্রহণের প্রয়োজন রয়েছে। পাশাপাশি দেশে বিনিয়োগ বাড়াতে ব্যাংক ঋণের সুদের হার কমানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের অবদানের কথাও সাক্ষাতে স্মরণ করেন রাষ্ট্রপতি। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তিনি সংশ্লিষ্ট উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ