প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
গডফাদারের কথায় অরাজকতা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: টিপু
||
নারায়ণগঞ্জে কোনো ধরনের অরাজকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা হলে তা মোকাবিলায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। তিনি দলীয় নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনার দিকে খেয়াল রাখার আহ্বান জানান।বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নগরীর ডিআইটি মসজিদ প্রাঙ্গণে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন টিপু। ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ প্রতিবাদে এ সমাবেশ ও পরবর্তী মিছিলের আয়োজন করা হয়।টিপু বলেন, আওয়ামী লীগ দেশে নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছে—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বিএনপির নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকতে হবে। পাড়া-মহল্লা, মসজিদ-মাদ্রাসা এবং সরকারি অফিস-আদালতের বিষয়ে নজর রাখার জন্য তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।তিনি আরও বলেন, “যদি খুনি হাসিনা ও নারায়ণগঞ্জের গডফাদারের নির্দেশে নারায়ণগঞ্জে কোনো অরাজকতা বা সন্ত্রাস সৃষ্টি করা হয়, তবে তোমাদের কাউকে ছেড়ে দেওয়া হবে না।”সাম্প্রতিক বিভিন্ন ঘটনার প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, কয়েক দিন আগে কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।টিপুর অভিযোগ, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি এখনো সরকারি অফিস-আদালতে অবস্থান করছেন। তাদের বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।দলীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে মহানগর বিএনপির সদস্য সচিব বলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। আগামী দিনে যেকোনো ধরনের নৈরাজ্যের বিরুদ্ধে তারেক রহমানের নেতৃত্বে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।সমাবেশে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।এ সময় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, জাকির হোসেন, আতাউর রহমান মুকুল, আনোয়ার হোসেন আনু ও ফতেহ রেজা রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ এবং মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়নাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।পরে ডিআইটি মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ