প্রিন্ট এর তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
সোনারগাঁয়ে ট্রলারডুবি: নিখোঁজ ৪ জনকে উদ্ধারে অভিযান পুনরায় শুরু
||
সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনামই এলাকায় মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ চারজনকে উদ্ধারে আবারও অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর রাত নেমে আসা এবং নদীতে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। রাত ৭টার পর ডুবুরি দল নদীতে অভিযান স্থগিত করে।পরিস্থিতি অনুকূলে আসার পর শুক্রবার সকালে নিখোঁজদের সন্ধানে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। মেঘনা নদীর সম্ভাব্য বিভিন্ন স্থানে ডুবুরি দলের সদস্যরা তল্লাশি চালাচ্ছেন।এর আগে বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনামই এলাকায় আমান সিমেন্ট কারখানার কাছাকাছি মেঘনা নদীতে একটি ট্রলার ডুবে যায়। ট্রলারটিতে আত্মীয়ের বিয়েতে যোগ দিতে আসা ১৪ জন যাত্রী ছিলেন।এ ঘটনায় রায়েশা বেগম (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। একই পরিবারের হেলাল উদ্দিন (৫৫), তাঁর ছেলে সাজিব (২৪), সামিন (৫) ও মেয়ে সামিয়া (১৭) নিখোঁজ রয়েছেন।দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে। তবে রাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে অভিযান সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।নিখোঁজ চারজনকে উদ্ধারে শুক্রবার সকালে আবারও নদীতে তল্লাশি শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ