প্রিন্ট এর তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬
থানার ইট খুলে নেব: এনসিপি নেতা যুবাইর
||
নারায়ণগঞ্জের ফতুল্লায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। এ ঘটনার পর ফতুল্লা মডেল থানায় গিয়ে দলের কোনো কর্মীর ওপর ফের হামলা হলে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক যুবাইর সরদার।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে ফতুল্লা মডেল থানার ভেতরে ওসির কক্ষের সামনে নেতা-কর্মীদের উপস্থিতিতে যুবাইর সরদারকে উত্তেজিত কণ্ঠে বক্তব্য দিতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১৭ সেকেন্ডের একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমি যুবাইর সরদার, নারায়ণগঞ্জ এনসিপির আহ্বায়ক। যদি আমার একটা কোনো কর্মীর গায়ে হাত তোলে, লাশের বদলে লাশ নিবো। আমার একজন নেতাকর্মীর গায়ের রক্ত পড়ে আরেকবার, থানার ইটকল পর্যন্ত খুলে নেবো।’এনসিপির নেতা-কর্মীরাই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন বলে জানা গেছে।এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, তিনি এ ধরনের বক্তব্য শুনেননি। ওই সময় তিনি নিজের কক্ষের ভেতরে ছিলেন। তবে থানার ভেতরে এমন বক্তব্য দেওয়া হয়ে থাকলে সেটি ভালো চর্চা নয় বলে মন্তব্য করেন তিনি।ওসি বলেন, দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের থানার ভেতরে এ ধরনের বক্তব্য দেওয়া উচিত নয়। এ ধরনের বক্তব্যের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কোনো ধরনের ব্যত্যয় ঘটলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।এর আগে সোমবার রাত ৮টার দিকে ফতুল্লা থানার বক্তাবলী বাজার এলাকায় হামলার শিকার হন এনসিপি নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম।এনসিপি নেতাদের অভিযোগ, ধলেশ্বরী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটার বিষয়ে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের নির্দেশে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তাওহীদুল ইসলামের ওপর হামলা চালান। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।হামলার খবর পেয়ে এনসিপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ফতুল্লা মডেল থানায় অবস্থান নেন। এ সময় তারা থানার সামনে মিছিল ও বিভিন্ন স্লোগান দেন। পরে রাতে থানায় যান নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা আব্দুল্লাহ আল আমিন।ঘটনার পর একই রাতে এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. হাসান বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা করেন। মামলায় হালিম আজাদসহ ১৬ জন বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।তবে মামলার বিষয়ে ফতুল্লা থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ