প্রিন্ট এর তারিখ : ০২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬
নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষের প্রশিক্ষণ নিলেন ৯০ জন, ১০ জন পেলেন উপকরণ
||
স্বল্প জায়গা ও তুলনামূলক কম বিনিয়োগে আয়মুখী কাজের সুযোগ তৈরির লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় মাশরুম চাষবিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে। দুই ব্যাচে আয়োজিত এ প্রশিক্ষণে অংশ নেন ৯০ জন।প্রশিক্ষণের সমাপনী দিনে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। পাশাপাশি দুই ব্যাচের সেরা পাঁচজন করে মোট ১০ জন প্রশিক্ষণার্থীকে মাশরুম চাষের প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়েছে।ক্লাইমেট রিজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভের আওতায় নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। বৃহস্পতিবার (১ অক্টোবর) অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীদের মাশরুম উৎপাদনের আধুনিক ও ব্যবহারিক কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। এর পাশাপাশি মাশরুমের পরিচর্যা, রোগবালাই নিয়ন্ত্রণ, উৎপাদন-পরবর্তী সংরক্ষণ এবং বাজারজাতকরণের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।প্রশিক্ষণে মাশরুম চাষকে বেকার ও কর্মপ্রত্যাশীদের জন্য সম্ভাবনাময় আত্মকর্মসংস্থানের ক্ষেত্র হিসেবে তুলে ধরা হয়। অল্প জায়গায় এবং তুলনামূলক কম খরচে এ চাষ করা সম্ভব হওয়ায় আগ্রহীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি তাদের বাস্তবমুখী ও আয়মুখী কর্মকাণ্ডে যুক্ত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি ভবিষ্যতে অন্যদের কর্মসংস্থানের সুযোগও তৈরি করতে পারবেন।জেলা প্রশাসক মো. রায়হান কবির প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। মাশরুম চাষের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা যেন নিজেদের জন্য আয়মুখী উদ্যোগ গড়ে তুলতে পারেন, সে বিষয়ে তিনি উৎসাহ দেন।সংশ্লিষ্টরা জানান, স্বল্প পুঁজি ও সীমিত জায়গায় মাশরুম চাষের মতো জলবায়ু সহনশীল উদ্যোগকে আরও বিস্তৃত করা গেলে নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি বেকারত্ব কমানো এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ