প্রিন্ট এর তারিখ : ০২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬
বিএনপি নেতাকে ‘সংগ্রামী নেতা’ বলায় ফতুল্লা থানার ওসিকে নিয়ে আলোচনা
||
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। ভিডিওটিতে স্থানীয় বিএনপি নেতা শহীদুল ইসলাম টিটুর রাজনৈতিক ভূমিকার প্রশংসা করতে শোনা যায় ওসিকে। এ বক্তব্যকে কেন্দ্র করে পুলিশের রাজনৈতিক নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ।ফেসবুকে ছড়িয়ে পড়া প্রায় ৩৩ সেকেন্ডের ভিডিওতে ওসি মাহবুব আলমকে বলতে শোনা যায়, মঞ্চে উপস্থিত শহীদুল ইসলাম টিটু ‘স্বৈরাচারী সন্ত্রাসী এমপির বিরুদ্ধে কথা বলার ক্ষমতা যখন কারো ছিল না, তখন রাজপথে থেকে নেতৃত্ব দিয়ে ফতুল্লার মাটি ও মানুষের পাশে দাঁড়িয়েছেন’ এবং তাকে ‘সংগ্রামী নেতা’ হিসেবে উল্লেখ করেন। একই বক্তব্যে টিটুকে ফতুল্লা থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি হিসেবেও উল্লেখ করেন তিনি।খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার ফতুল্লার পাগলা বাজার এলাকায় যানজট নিরসনের লক্ষ্যে গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম।অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে জানা গেছে। ওই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময়ই ওসি মাহবুব আলম শহীদুল ইসলাম টিটুর রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে বক্তব্য দেন।ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সমালোচকদের কেউ কেউ দাবি করছেন, একজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে রাজনৈতিকভাবে নিরপেক্ষ অবস্থান বজায় রাখা প্রত্যাশিত। তাদের মতে, কোনো রাজনৈতিক নেতাকে প্রকাশ্যে ‘সংগ্রামী নেতা’ হিসেবে উল্লেখ করা পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে।সমালোচকদের আরও বক্তব্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের বক্তব্য ও আচরণ নিয়ে সাধারণ মানুষের মধ্যে নিরপেক্ষতার ধারণা গুরুত্বপূর্ণ। ফলে কোনো রাজনৈতিক ব্যক্তিকে নিয়ে প্রকাশ্যে প্রশংসাসূচক বক্তব্য দিলে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে।তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির পূর্ণাঙ্গ প্রেক্ষাপট, বক্তব্যের আগের বা পরের অংশ এবং বক্তব্যটি কোন পরিস্থিতিতে দেওয়া হয়েছিল—এসব বিষয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে শুধু ওই সংক্ষিপ্ত ভিডিওর ভিত্তিতে ওসির রাজনৈতিক অবস্থান সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলমের সরকারি মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে অপর প্রান্ত থেকে জানানো হয়, ‘ওসি স্যার ছুটিতে আছেন। তাকে সোমবার পাওয়া যাবে।’ ফলে এ বিষয়ে ওসির বক্তব্য জানা সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ