প্রিন্ট এর তারিখ : ০৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬
১৮ দফার ইশতেহারে নারায়ণগঞ্জ ৫ আসনকে মডেল আসন গড়ে তুলতে চান তারিকুল
নিজস্ব প্রতিবেদক ||
আজ ৩১ জানুয়ারি, ২০২৬ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ সদর-বন্দরকে একটি আধুনিক, নিরাপদ ও নাগরিকবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে সুস্পষ্ট নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন মাথাল প্রতীকের প্রার্থী তারিকুল ইসলাম। সকাল ১১ টায় বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে সকল প্রার্থীদের উপস্থিতিতে এই অনুষ্ঠান পরিচালিত হয়। এসময় তারিকুল ইসলামের সাথে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলমগীর হোসেন আলম, বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলার সাবেক সভাপতি ফারহানা মানিক মুনা, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির জেলা আহ্বায়ক আব্দুল আল মামুন, বাংলাদেশ যুব ফেডারেশনের কেন্দ্রীয় নেতা আবুল হোসেন মারুফ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলার সহ সভাপতি সৃজয় সাহা, রনি শেখ সহ প্রমুখ নেতৃবৃন্দ প্রমুখ।
তিনি বলেন, “নেতা ও জনতার মাঝে যে দূরত্ব তৈরি হয়েছে, তা ভেঙে দিয়ে এমপিকে জনতার হাতের মুঠোয় নিয়ে আসাই আমার অঙ্গীকার।”
তারিকুল ইসলামের প্রতিশ্রুতির মধ্যে রয়েছে—‘সিটিজেন কানেক্ট অ্যাপ’ ও ওয়েব পোর্টাল চালু, সাত খুন, ত্বকী-চঞ্চল-ভুলু সহ সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করা, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, নারায়ণগঞ্জে আইসিইউসহ উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সুবিধাবঞ্চিত ও নিন্ম আয়ের মানুষের জন্য 'হেলথ কার্ড' চালু।
তিনি আরও জানান, ফুটপাত ও পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ, অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ, আধুনিক ও টোল-ফ্রি ঘাট নির্মাণ, তরুণদের জন্য 'হাইটেক পার্ক' ও এআই প্রশিক্ষণ, নারীদের জন্য স্মার্ট হেলথ কার্ড, নিরাপদ নাইট ট্রান্সপোর্ট, ডে-কেয়ার সেন্টার ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
এছাড়া সদর-বন্দরকে মেট্রোরেলের আওতায় আনা, জলাশয় ও খেলার মাঠ উদ্ধার, ডিজিটাল মেডিকেল পোর্টাল চালু এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ‘কমিউনিটি হারমনি সেল’ গঠনের অঙ্গীকার করেন তিনি।
তারিকুল ইসলাম বলেন, “নারায়ণগঞ্জকে বিশেষ ক্যাটাগরির জেলা হিসেবে গড়ে তুলে একটি বাসযোগ্য, মানবিক ও স্মার্ট শহর বানানোই আমার রাজনীতির মূল লক্ষ্য।”
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ