প্রিন্ট এর তারিখ : ০৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের হাতে ৬ জন, জব্দ সিএনজি-অস্ত্র
||
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতির অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় বিভিন্ন অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহারের সরঞ্জাম উদ্ধারের পাশাপাশি একটি সিএনজি জব্দ করা হয়েছে।রোববার (৪ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় এ অভিযান চালানো হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের স্পাইসি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের বিপরীতে ঢাকামুখী লেনে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গোহাট্টা এলাকার মৃত আসাদ মিয়ার ছেলে মো. পারভেজ (৩৬) ও প্রান্ত (২৮), নাল আলাপদী এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে মো. রোহান (২২), ছোট সাদিপুর এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে মো. ডালিম (৪৮), আলাপদী এলাকার মো. নজরুল ইসলামের ছেলে নাজমুল (২৮) এবং কুমিল্লার লাকসাম উপজেলার বাতাখালী এলাকার মো. মনির হোসেনের ছেলে মো. অন্তর (২৪)। অন্তর বর্তমানে সোনারগাঁয়ের কামারগাঁও এলাকায় সোহাগের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।পুলিশের ভাষ্য, রাতে দায়িত্ব পালন করার সময় সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) শিকদার হারুন অর রশিদ খবর পান, ছোট সাদিপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ৯ থেকে ১০ জনের একটি দল সিএনজি নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে সেখানে থাকা ব্যক্তিরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া দিয়ে ছয়জনকে আটক করতে সক্ষম হয়। এ সময় দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।অভিযানের পর পুলিশ গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুটি রামদা, একটি দা, একটি ছুরি, তালা কাটার যন্ত্র, সেলাই রেঞ্জ, প্লাস ও একটি রড উদ্ধার করে। এছাড়া ঘটনাস্থলে রেখে যাওয়া নারায়ণগঞ্জ-থ-১১-৫৬৬৫ নম্বরের একটি সিএনজি জব্দ করা হয়।এ ঘটনায় সোনারগাঁ থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ছয়জনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ আরও জানায়, ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে পুরো ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ