প্রিন্ট এর তারিখ : ১১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬
নারায়ণগঞ্জে বিএনপি নেতা আনোয়ার প্রধান ও রিফাতের পদ স্থগিত
||
নারায়ণগঞ্জে বিএনপি নেতা আনোয়ার প্রধান ও রিফাতের পদ স্থগিতদলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান এবং মহানগর বিএনপির ১৩ নম্বর ওয়ার্ডের সভাপতি অ্যাডভোকেট শেখ আঞ্জুম আহমেদ রিফাতের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকেও আনোয়ার প্রধানকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।রোববার (১১ অক্টোবর) নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্যসচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপুর স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে সিদ্ধান্তের চিঠি পৌঁছানোর পর থেকে তা কার্যকর হবে।মহানগর বিএনপির চিঠিতে বলা হয়, গত ৮ অক্টোবর পাঠানো কারণ দর্শানোর নোটিশের জবাব পর্যালোচনা করে তা সন্তোষজনক বলে বিবেচিত হয়নি। দলটির অভিযোগ, গত ৬ অক্টোবরের ঘটনাকে কেন্দ্র করে দেওয়া নোটিশের জবাবে আনোয়ার প্রধান ও রিফাত দুঃখ প্রকাশ বা অনুশোচনা করেননি। বরং সদস্যসচিব ব্যক্তিস্বার্থে নোটিশ দিয়েছেন বলে তাঁরা অভিযোগ করেছেন।চিঠিতে আরও অভিযোগ করা হয়, গত ৬ অক্টোবর আনোয়ার প্রধানের নেতৃত্বে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খানের সঙ্গে অশোভন ও মারমুখী আচরণ করা হয়। ওই ঘটনায় রিফাত বাধা দেওয়ার পরিবর্তে উসকানি ও সহযোগিতা করেছেন বলেও অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া সাখাওয়াত হোসেন খানকে অবরুদ্ধ করে রাখা এবং পরে ক্ষমা চেয়ে চলে যাওয়ার বিষয়ে বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত বক্তব্যকে মিথ্যা বলে দাবি করার বিষয়টিও চিঠিতে উল্লেখ করা হয়েছে।কারণ দর্শানোর নোটিশের জবাবে আনোয়ার প্রধান ও রিফাত ঘটনাটিকে আইনজীবী ফোরামের বিষয় হিসেবে উল্লেখ করেছিলেন। তবে মহানগর বিএনপির বক্তব্য, সাখাওয়াত হোসেন খান সেখানে সংগঠনের আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন। সে কারণে তাঁর সঙ্গে এমন আচরণকে দলীয় শৃঙ্খলাবিরোধী বলে মনে করছে মহানগর বিএনপি।পৃথক চিঠিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের নবনিযুক্ত বিশেষ সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট সুমন মিয়ার দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগও তুলে ধরা হয়েছে। তাঁর সরকারি চেম্বার তালাবদ্ধ রাখা, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উল্লেখ করে চিঠিতে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।এসব অভিযোগ এবং কারণ দর্শানোর নোটিশের জবাব পর্যালোচনার পর আনোয়ার প্রধানের দুটি সাংগঠনিক পদ ও রিফাতের ওয়ার্ড সভাপতির পদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তের অনুলিপি বিএনপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদককেও পাঠানো হয়েছে।আপিল করবেন আনোয়ার প্রধানএদিকে নিজের পদ স্থগিতের সিদ্ধান্তকে অন্যায় বলে দাবি করেছেন অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান। এ সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপির চেয়ারম্যানের কাছে আপিল করার ঘোষণা দিয়েছেন তিনি।রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আনোয়ার প্রধান লেখেন, ‘আমাকে যারা অন্যায়ভাবে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক পদ স্থগিত করল, তাদের বিচার বিএনপির সকল নেতাকর্মীদের কাছে দিলাম। নিশ্চয়ই আমি এই বিষয়ে বিএনপির মাননীয় চেয়ারম্যান বরাবর আপিল করব, ইনশাআল্লাহ। সবার আগে বাংলাদেশ।’
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ