প্রিন্ট এর তারিখ : ১৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতা সাগরের নামে অপপ্রচার, ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১
||
ছাত্রদল নেতা সাগরের নামে অপপ্রচার, ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম সাগরসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও সম্পাদনার মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার এবং চাঁদা দাবির অভিযোগে মেহেদী হাসান রাজিব (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় দুটি মোবাইল ফোনসহ সংশ্লিষ্ট ফেসবুক আইডি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।গ্রেপ্তার মেহেদী হাসান রাজিব ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বাদৈর মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম নজরুল ইসলাম ভূঁইয়া এবং মায়ের নাম খাদিজা বেগম রানু।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বেশ কয়েক দিন ধরে ‘আমরা বিএনপি পরিবার’ নামের একটি ফেসবুক আইডি থেকে রকিবুল ইসলাম সাগরসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির বিষয়ে ভিডিও সম্পাদনা করে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছিল। অভিযোগ রয়েছে, চক্রটির মূলহোতা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সাগরের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় বিকাশের মাধ্যমে কিছু টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।এ বিষয়ে রকিবুল ইসলাম সাগর বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটির গুরুত্ব বিবেচনায় জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় তদন্ত শুরু হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এবং ডিবির ওসি নজরুল ইসলামের সমন্বয়ে আইটি শাখার এসআই মফিজুল ইসলাম, পিপিএম অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করেন।এরপর মঙ্গলবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর গ্রামে অভিযান চালিয়ে রাজিবকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর ব্যবহৃত দুটি মোবাইল ফোন এবং ‘আমরা বিএনপি পরিবার’ নামের ফেসবুক আইডিসংশ্লিষ্ট আলামত জব্দ করা হয়। এ ছাড়া একটি বিকাশ নম্বরের তথ্যও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজিব নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে অন্যদের প্ররোচনায় এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে এ বিষয়ে তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করা হবে।গ্রেপ্তার ব্যক্তিকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলার তদন্ত এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ