প্রিন্ট এর তারিখ : ১৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
বিদেশে কর্মী পাঠানোর সব ধাপে আসছে অনলাইন ব্যবস্থা: শ্রমমন্ত্রী
||
বিদেশে কর্মী পাঠানোর সব ধাপে আসছে অনলাইন ব্যবস্থা: শ্রমমন্ত্রীবিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে পুরো প্রক্রিয়াকে অনলাইন ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি আশা প্রকাশ করেছেন, আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে এ খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে।মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের বন্দরে শ্রমজীবী মহিলা হোস্টেল ও পাঁচ শয্যাবিশিষ্ট হাসপাতাল সুবিধাসহ শ্রমকল্যাণ কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।মন্ত্রী জানান, বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা ও অনিয়মের অভিযোগে ইতোমধ্যে ৫২টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। এ ছাড়া কয়েকটি প্রতিষ্ঠানে সিলগালা করা হয়েছে। এ ধরনের প্রতারণা বন্ধে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্যোগও নেওয়া হচ্ছে।তিনি বলেন, অনেক ট্রাভেল এজেন্সি বিদেশে শ্রমিক পাঠানোর কাজ করছে, যদিও এটি তাদের মূল কার্যক্রমের আওতাভুক্ত নয়। এ ধরনের অনিয়ম বন্ধ করে পুরো প্রক্রিয়ায় জবাবদিহি ও স্বচ্ছতা আনতে বিদেশে কর্মী পাঠানোর প্রতিটি ধাপ অনলাইনের আওতায় নিয়ে আসা হবে।সৌদি আরবের বিমানবন্দরে হামলার পর দেশটিতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, হামলার পর থেকে প্রবাসীদের নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে। একই সঙ্গে তাঁদের সতর্ক থাকার এবং যেকোনো সমস্যায় বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।এর আগে দুপুরে বন্দরের শ্রমকল্যাণ কমপ্লেক্স পরিদর্শন করেন আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি কমপ্লেক্সের সার্বিক কার্যক্রম, শ্রমজীবী নারীদের আবাসন সুবিধা এবং চিকিৎসাসেবা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।পরিদর্শনকালে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ