প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬
নারায়ণগঞ্জ সদর উপজেলায় সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পের কর্মী নিয়োগ নীতিমালা নিয়ে অবহিতকরণ সভা
নিজস্ব প্রতিবেদক ||
নারায়ণগঞ্জ সদর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান (আরআরএমইপি) প্রকল্পের আওতায় সড়ক রক্ষণাবেক্ষণ কর্মী নিয়োগ নীতিমালা বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত।সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারায়ণগঞ্জ সদর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, প্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের নিয়োগ প্রক্রিয়াকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানিয়ে বলেন, নির্ধারিত নীতিমালা অনুসরণ করে কাজ করতে সক্ষম প্রকৃত উপকারভোগীদের নিয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।সভাপতির বক্তব্যে উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত বলেন, সরকারের এ উদ্যোগের মাধ্যমে প্রতিটি ইউনিয়নে ১০ জন করে দরিদ্র ও দুস্থ নারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। নিয়োজিত কর্মীরা এলাকার সড়ক ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ক্ষতিগ্রস্ত সড়কের ছোটখাটো মেরামতকাজ করবেন।তিনি বলেন, এ প্রকল্পের মাধ্যমে একদিকে পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, অন্যদিকে স্থানীয় সড়ক অবকাঠামোর নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সহায়তা করবে।ইয়াসির আরাফাত আরও বলেন, নিয়োগ কার্যক্রম স্বচ্ছ, সুষ্ঠু ও নীতিমালাভিত্তিক করতে ইউনিয়ন পরিষদসহ সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা সম্পর্কে অবহিত করা হয়েছে। প্রকৃত উপকারভোগী নির্বাচন এবং নিয়োগসংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।সভায় প্রকল্পের নিয়োগ নীতিমালা, উপকারভোগী নির্বাচনের যোগ্যতা, বাছাই প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ