প্রিন্ট এর তারিখ : ১৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬
বন্দরে বিশুদ্ধ পানির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
||
বন্দরে পানির সংকট নিরসনে মানববন্ধন, ছয় বছর ধরে বন্ধ সরকারি পাম্পনারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের দেউলি চৌরাপাড়া ও সোমবাড়িয়া বাজার এলাকায় বিশুদ্ধ পানির সংকট দীর্ঘদিনের। বন্ধ থাকা সরকারি পানির পাম্প চালু এবং নিরাপদ খাবার পানির ব্যবস্থা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।রোববার (১৫ নভেম্বর) সকালে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ২৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম। এতে বক্তব্য দেন ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নেছার উদ্দিন, বন্দর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক কবির সোহেলসহ ভুক্তভোগী এলাকাবাসী।সমাবেশে আশরাফুল ইসলাম অভিযোগ করেন, এসিআই মিলের কারণে এলাকার সাধারণ মানুষ পানির সংকটে পড়েছেন। তাঁর দাবি, মিলের লোকজন ও প্রশাসনের যোগসাজশে সরকারি পানির পাম্পটি অবৈধভাবে সরিয়ে নেওয়া হয়েছে। পাম্প মেরামতের কথা বলে সংশ্লিষ্ট প্রকৌশলী ও অন্যরা মোটরটি খুলে নিয়ে যান। পরে সেটি মাটিচাপা দেওয়া হয়েছে অথবা অন্যভাবে সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।আশরাফুল ইসলাম আরও বলেন, পাম্পটি সরকারি প্রতিষ্ঠান এবং স্থানীয় মানুষের পানির অন্যতম উৎস ছিল। কিন্তু মোটরটি সরকারি নিয়ম অনুযায়ী কোথাও জমা দেওয়া হয়নি। তাঁর অভিযোগ, এসিআই মিলের কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের স্বার্থে নানা ধরনের চাপ ও নির্যাতনের মাধ্যমে গত ছয় বছর ধরে পাম্পটি বন্ধ রেখেছেন। এ কাজে ওয়াসা ও সিটি করপোরেশনসহ বিভিন্ন দপ্তরে প্রভাব খাটানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।এ সময় গণমাধ্যমকর্মীদের ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে দেখার আহ্বান জানান আশরাফুল ইসলাম।মানববন্ধনে অংশ নেওয়া এক নারী পানির অভাবে তাঁদের দৈনন্দিন দুর্ভোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, পানির সংকটের কারণে নিয়মিত গোসল করাও কঠিন হয়ে পড়েছে। খাবার পানির জন্যও তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে। দ্রুত পানির সুব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান তিনি।কর্মসূচি শেষে স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের পানির সংকটে তাঁদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দ্রুত বিশুদ্ধ পানির ব্যবস্থা করা এবং বন্ধ সরকারি পাম্পটি চালু করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ