প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬
বক্তাবলী পরগনা গণহত্যার শহীদ তালিকায় ১১ জনের নাম বাদ পড়ার অভিযোগ, পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি
নিজস্ব প্রতিবেদক ||
নারায়ণগঞ্জের বক্তাবলী পরগনা গণহত্যা দিবসের শহীদদের নামের তালিকায় ১১ জনের নাম বাদ পড়ার অভিযোগ উঠেছে। কুড়েরপাড়, ক্রোকের চর ও গোপচর গ্রামের শহীদদের নাম বর্তমান নামফলকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ প্রকাশ করেছেন বক্তাবলী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ দেলোয়ার হোসেন।২৯ নভেম্বর ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞে শহীদদের স্মরণে প্রতিবছর বিভিন্ন সংগঠন ও সচেতন মহল দিবসটি পালন করে আসছে। তবে দিবসটি রাষ্ট্রীয়ভাবে যথাযথ মর্যাদায় পালনের উদ্যোগ না থাকায় দুঃখ প্রকাশ করেন তিনি।তিনি জানান, শহীদদের যে তালিকা প্রস্তুত করা হয়েছে, সেটিও অসম্পূর্ণ। বর্তমান নামফলকে শহীদদের নামের পাশাপাশি ক্রমিক নম্বরেও অসংগতি রয়েছে। বিশেষ করে কুড়েরপাড়, ক্রোকের চর ও গোপচর গ্রামের ১১ জন শহীদের নাম অন্তর্ভুক্ত না হওয়ায় বিষয়টি সংশোধন করা জরুরি।এডভোকেট দেলোয়ার হোসেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে বাদ পড়া ১১ জনসহ শহীদদের একটি নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন।পাশাপাশি বক্তাবলী পরগনা গণহত্যা দিবসটি সরকারি উদ্যোগে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের জন্য উপজেলা প্রশাসন, নির্বাচিত জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ