নারায়ণগঞ্জ প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনে খেজুর গাছ প্রতীকের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৫) বিকাল ৩ টায় বিএনপি জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতী মনির হোসাইন কাসেমীর পক্ষে আয়োজিত এ বৈঠকে বক্তারা বলেন, এই আসনে যদি ব্যালট পেপারে ধানের শীষ প্রতীক যুক্ত করা হয়, তবে তা সুস্পষ্টভাবে একটি গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে বিবেচিত হবে।
উঠান বৈঠকে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, “নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোটের বৈধ ও চূড়ান্ত মনোনীত প্রতীক হলো খেজুর গাছ। এখানে অন্য কোনো প্রতীক, বিশেষ করে ধানের শীষ থাকলে জনগণ বিভ্রান্ত হবে এবং এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্রেরই বহিঃপ্রকাশ হবে।”
তিনি নির্বাচন কমিশনের প্রতি বিষয়টি গুরুত্বসহকারে দেখার আহ্বান জানান।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতী মনির হোসাইন কাসেমী।
তিনি বলেন, খেজুর গাছ প্রতীক জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে খেজুর গাছ প্রতীকের পক্ষে কাজ করতে হবে।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ খোরশেদ কাজী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী ও গোলাম মোস্তফা টুটুল। এছাড়াও সহ-আহ্বায়ক মিলন দলী, শরিফুল ইসলাম দীপ ও তালা মামুনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনে খেজুর গাছ প্রতীকেই জনগণের ঐক্য প্রতিফলিত হয়েছে। তারা যে কোনো ধরনের ষড়যন্ত্র প্রতিহত করে মুফতী মনির হোসাইন কাসেমীকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উঠান বৈঠকে স্থানীয় সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।




















