নারায়ণগঞ্জ-৪: শাপলা কলির পক্ষে ‘জোয়ার’ উঠেছে বললেন জব্বার
প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার জানিয়েছেন, নারায়ণগঞ্জ-৪ আসনে শাপলা কলি প্রতীকের প্রতি মানুষের সমর্থন বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, তরুণ আইনজীবী ও জুলাই গণঅভ্যুত্থানের সক্রিয় যোদ্ধা আবদুল্লাহ আল আমিনকে তারা সমর্থন দিয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ফতুল্লায় ১১ দলীয় জোটের আয়োজিত নির্বাচনী গণমিছিলের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জব্বার বলেন, “আল আমিন জুলাই চেতনার আলোকে সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবেলায় সাহসী পদক্ষেপ নিতে সক্ষম। তিনি এই অঞ্চলের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করবেন।”
মিছিলটি ভুইগড় থেকে শুরু হয়ে জালকুড়ি, পাগলা বাজার, ফতুল্লা বাজার হয়ে পঞ্চবটিতে শেষ হয়। জব্বার আশাবাদ ব্যক্ত করে বলেন, “পুরো বাংলাদেশে যে গণজোয়ার তৈরি হয়েছে, তার ছোঁয়া নারায়ণগঞ্জ-৪-এও লেগেছে। শাপলা কলির পক্ষে সমর্থনের জোয়ার স্পষ্ট। ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে মানুষ আল আমিনকে তাদের কাঙ্ক্ষিত প্রার্থী হিসেবে বেছে নেবেন। আমরা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ইনসাফ ও ন্যায়ের বাংলাদেশ গঠনে কাজ চালিয়ে যাব।”
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ
আপনার মতামত লিখুন