বন্দরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন, ৫ বসতঘর ভস্মীভূত
প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি।
রোববার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের উত্তর নিশং এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে।
খবর পেয়ে রোববার সকালে বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ বিষয়ে বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গিয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের দ্রুত ও কার্যকর অভিযানের ফলে আনুমানিক ৩০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ
আপনার মতামত লিখুন