২০০৬ সালে বাতিল হওয়া ৬৫০ এসআই-সার্জেন্ট চাকরি ফেরত পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬
২০০৬ সালে দলীয় নিয়োগের অভিযোগে চূড়ান্তভাবে বাতিল হওয়া পুলিশের প্রায় সাড়ে ৬০০ জন এসআই ও সার্জেন্ট চাকরিতে পুনর্বহাল হবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, নিয়োগ বাতিল হওয়া এসব কর্মকর্তার ফাইল প্রধান উপদেষ্টার দপ্তরে ঝুলে ছিল এবং শেষ পর্যন্ত অনুমোদন পায়নি। তবে আদালতের রায়ের ভিত্তিতে তাদের চাকরি ফেরত দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সুপারিশ পাঠানো হয়েছিল। কী কারণে অনুমোদন হয়নি তা স্পষ্ট নয়, কিন্তু তারা ন্যায়বিচার পাবেন এবং পুনরায় নিয়োগ পাবেন বলে আশ্বস্ত করেন তিনি।
এছাড়া পুলিশের কনস্টেবল পদে বর্তমানে ২ হাজার ৭০১টি শূন্যপদ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব পদে দ্রুত নিয়োগ দেওয়া হবে।
পুলিশের কাজে অবৈধ হস্তক্ষেপের বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনে বাধা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ
আপনার মতামত লিখুন