দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ উপজেলার বিএনপির ২০ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। সে কারণে তাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি জি এম সাদরিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান শরিফ, সাংগঠনিক সম্পাদক আলী আকবর ও থানা বিএনপির সদস্য শামিম আহম্মেদ ঢালি।
এছাড়া সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাদের মধ্যে রয়েছেন—
৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি আলী আইয়ুব,
৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ করিম ও সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভূইয়া,
২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী,
৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদুজ্জামান মন্টু,
৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান,
১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জামাল প্রধান এবং
৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামান মির্জা।
সোনারগাঁ উপজেলা বিএনপি থেকেও একাধিক নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন—উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সাদ্দাম হোসেন ও জিয়াউল ইসলাম চয়ন, সদস্য খন্দকার আবু জাফর, সোনারগাঁ পৌর বিএনপির সহ-সভাপতি পনির হোসেন এবং সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক।
দলীয় সূত্র জানিয়েছে, ভবিষ্যতে বিএনপির শৃঙ্খলা ও সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে এ ধরনের সিদ্ধান্ত আরও কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।




















