ফতুল্লায় শিবু মার্কেট-সাইনবোর্ড সড়কে ছিনতাইয়ের শিকার জেলা যুবশক্তির সংগঠক সোহাইল ইসলাম ইফতি
প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক দুর্ধর্ষ ছিনতাইয়ের শিকার হয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবশক্তির সংগঠক সোহাইল ইসলাম ইফতি। গত রাত আনুমানিক ১০ টার দিকে শিবু মার্কেট থেকে সাইনবোর্ড যাওয়ার পথে ছোট মিশুকে (অটোরিকশা) এই ঘটনা ঘটে। ছিনতাইকারী তার গলায় 'সুইচ গিয়ার' ধরে নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা, অফিসের জরুরি কাগজপত্র এবং মুবাইল ও মানিব্যাগ ও লুটে নেয়।
ভুক্তভোগী সোহাইল ইসলাম ইফতি জানান, শিবু মার্কেট থেকে অফিসের কাজে তিনি সাইনবোর্ড যাওয়ার উদ্দেশ্যে একটি মিশু গাড়িতে ওঠেন। কিছুদূর যাওয়ার পর পাশে বসা দুর্বৃত্ত যাত্রী তার গলায় ধারালো সুইচ গিয়ার ঠেকিয়ে সব কেড়ে নেয়। সবচেয়ে ভয়াবহ বিষয় ছিল মিশু চালকের ভূমিকা। চালক ছিনতাইকারীকে উদ্দেশ্যে বলে, "গলায় ছুরি চালিয়ে ওকে ফেলে দে!"
চালকের মুখে এই নৃশংস আদেশের কথা শুনে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচতে সোহাইল ইসলাম ইফতি চলন্ত গাড়ি থেকে নিচে ঝাঁপ দেন। এতে তার হাত ও পা মারাত্মকভাবে জখম হয়।
এই ঘটনায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যুবশক্তি তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। সংগঠনটির দাবি, গত দুইদিন আগেও নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় প্রশাসন মাত্র এক দিনেই আসামি ধরেছে। অথচ সাধারণ মানুষের ক্ষেত্রে তারা কতটা আন্তরিক, তা এখন দেখার বিষয়।
জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় নেতা নিরব রায়হান বলেন, "ছিনতাইকারীরা এখন এতটাই বেপরোয়া যে চালক নিজেই হত্যার নির্দেশ দিচ্ছে! প্রশাসন নিজের সদস্যদের জন্য কঠোর হলেও সাধারণ জনগণের বেলায় কেন নিরব? আমরা অবিলম্বে এই 'খুনি' চালক ও ছিনতাইকারী চক্রকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আইন কি তবে শুধু প্রশাসনের কর্তাদের জন্যই?" বর্তমানে এই ঘটনায় ফতুল্লা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ
আপনার মতামত লিখুন