নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পরিবেশবিধি লঙ্ঘন করে পরিচালিত একটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে প্রশাসন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে উপজেলার ছোট ফাউসা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে পরিচালিত ‘মেসার্স এ এম ব্রিকস’ নামের একটি ইটভাটাকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসন নারায়ণগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাশেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক টিটু বড়ুয়া প্রসিকিউশন প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী আইন লঙ্ঘনের দায়ে ইটভাটাটিকে জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জেলার অবৈধ ইটভাটা, বায়ুদূষণকারী শিল্পপ্রতিষ্ঠান এবং পরিবেশবিধি অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।




















