নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোটের সংসদ সদস্য প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার সঙ্গে যুক্তদের মধ্যে এখনও কিছু চক্র সক্রিয় রয়েছে, যারা বিএনপিকে ক্ষমতায় আসতে বাধা দিতে চায়। এ অবস্থায় আবারও ঐক্যবদ্ধভাবে চেষ্টা করার সময় এসেছে বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মাহমুদপুর তাজউদ্দীন মার্কেট প্রাঙ্গণে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে এসব কথা বলেন মুফতি মনির কাসেমী।
তিনি বলেন, দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়েই দেশের বর্তমান বাস্তবতা তৈরি হয়েছে এবং কেউ যেন জনগণের অর্জনকে নিজেদের সম্পত্তি মনে না করে। জনগণের শক্তির সামনে কোনো অপশক্তি টিকে থাকতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
আসন্ন নির্বাচনের প্রসঙ্গে মুফতি মনির কাসেমী বলেন, আগামী ১২ তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটি শান্তিপূর্ণ ভোটের বিপ্লব ঘটবে। সেখানে কোনো সহিংসতা বা বিশৃঙ্খলা থাকবে না, থাকবে শুধু ব্যালটের মাধ্যমে সিদ্ধান্ত। তিনি ভোটারদের খেজুর গাছ প্রতীকে সিল মারার আহ্বান জানান।
তিনি আরও বলেন, দেশের ইতিহাসে ১৯৪৭, ১৯৭১ ও ১৯৯০ সালে জনগণ ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করে সফল হয়েছে। সাম্প্রতিক সময়েও ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটেছে বলে দাবি করেন তিনি।
উঠান বৈঠকে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সহসভাপতি মো. শহিদুল্লা, জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



















