নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামায়াতে ইসলামীর নারী কর্মীরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গেলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাদের বাধা দেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে গোপালদী পৌরসভার মোল্লারচর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রচারণায় বাধা দেওয়াকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা তার সমর্থকদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে বিএনপি নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় অন্তত তিনজন আহত হন। আহতদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার সংবাদ পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এবং আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।



















