আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ–৪ আসনে রিকশা প্রতীকের পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী শনিবার সকাল ১০টায় নারায়ণগঞ্জের ভুইঘর এটুজেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ জনসভার আয়োজন করা হয়েছে।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা মাওলানা মামুনুল হক। এতে আরও উপস্থিত থাকবেন ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ, মহানগরের নেতারা এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্য সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত নারায়ণগঞ্জ–৪ আসনের সংসদ সদস্য প্রার্থী খন্দকার আনোয়ার হোসেন রিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই জনসভাকে তাঁর নির্বাচনী প্রচারণার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে ইতোমধ্যে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রত্যাশা করছেন আয়োজকরা।
জনসভায় আগামী দিনের রাজনীতি, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং জনগণের অধিকার আদায়ের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য উঠে আসবে বলে জানা গেছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ–৪ রিকশা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সমন্বয়ক মুহাম্মদ নাজমুল হুদা রনি গণমাধ্যমকে জানান,
“শনিবারের এই জনসভাকে ঘিরে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছি। মাওলানা মামুনুল হকসহ ১১ দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতি জনসভাকে আরও শক্তিশালী করবে ইনশাআল্লাহ। জনগণের ব্যাপক উপস্থিতি হবে বলে আমরা আশাবাদী।”
আয়োজকরা আরও জানান, জনসভাটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে।



















