নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১৫ মার্চ) সকালে ফতুল্লার ইসদাইর বাজার সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে ইসদাইর বাজার এলাকার রেললাইনের ওপর এক যুবক বসে ছিলেন। এ সময় একটি ট্রেন ওই পথে অতিক্রম করার সময় তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের বয়স আনুমানিক ২৪ বছর বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, নিহত যুবক ওই এলাকার বাসিন্দা বলে ধারণা করা হলেও তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা যায়নি।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে জড়ো হয়ে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন।
এ বিষয়ে রেলওয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

















