নারায়ণগঞ্জের বন্দরে বিএনপি নেতা এনামুল হক ভিকির নির্দেশে যুবদল নেতা তানভীর সর্দারের সহযোগীদের বিরুদ্ধে লোহার ড্রেজার পাইপ চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। চুরির পুরো ঘটনা আশপাশের বাড়িতে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) গভীর রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের সোনাকান্দা এনায়েতনগর এলাকায়, আজিজুল মিয়া ও আবেদ মিয়ার বেকারির পেছন থেকে এই চুরির ঘটনা ঘটে। এ সময় ১২ ইঞ্চি সাইজের প্রায় ৫০ থেকে ৬০টি লোহার ড্রেজার পাইপ ট্রাকে করে নিয়ে যাওয়া হয়। চুরি হওয়া পাইপগুলোর আনুমানিক মূল্য ৬ লাখ ৫০ হাজার টাকা বলে জানা গেছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি ট্রাকে করে পরিকল্পিতভাবে লোহার ড্রেজার পাইপগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোক্তার আশরাফ উদ্দিন বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী জানান, “থানায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চলমান রয়েছে।”



















