নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীকে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান।
ফতুল্লাবাসীর উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান মুফতি মনির হোসাইন কাসেমীর হাতে খেজুর গাছ প্রতীক তুলে দিয়েছেন, যা ফতুল্লাবাসীর জন্য এক গৌরবের বিষয়। খেজুর গাছে ভোট মানেই ধানের শীষে ভোট যোগ হওয়া। ধানের শীষকে বিজয়ী করতে চাইলে আগামী ১২ ফেব্রুয়ারি খেজুর গাছ প্রতীকে বেশি করে ভোট দিতে হবে।”
মাওলানা ফেরদাউসুর রহমান আরও বলেন, “ফতুল্লা এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে মুফতি মনির হোসাইন কাসেমীকে বিজয়ী করার কোনো বিকল্প নেই। অতীতে অনেকেই সংসদ সদস্য হয়েছেন, কিন্তু তারা নিজেদের স্বার্থসিদ্ধিতেই ব্যস্ত থেকেছেন, ফলে ফতুল্লা অবহেলিতই রয়ে গেছে। নির্বাচিত হলে ফতুল্লাকে উন্নয়নের সব সুযোগ-সুবিধার আওতায় আনা হবে, ইনশাআল্লাহ।”



















