মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগ-এর একটি কার্যালয় চালুর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার একদিনের মধ্যেই সেখানে তালা ঝুলিয়ে দিয়েছেন ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) নেতাকর্মীরা।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে ইউনিয়নটির ওই কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে স্লোগান দেন এনসিপি ও তাদের অঙ্গসংগঠনের নেতারা। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির সিরাজদিখান উপজেলার প্রধান সমন্বয়ক মোহাম্মদ আলী নেওয়াজ।
তিনি জানান, শনিবার রাতে কার্যালয় চালুর একটি ভিডিও ভাইরাল হয়। বিষয়টি থানার ওসি ও ইউএনওকে অবহিত করা হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ না দেখায় তারা নিজ উদ্যোগে গিয়ে কার্যালয়ে তালা দেন। তার দাবি, নিষিদ্ধ কার্যক্রম থাকা সত্ত্বেও আওয়ামী লীগের কিছু কর্মী প্রত্যাবর্তনের বার্তা দিতে ভিডিওটি ছড়িয়েছে।
এনসিপি নেতারা সতর্ক করে বলেন, বিচারের আগে কোনো ধরনের সাংগঠনিক তৎপরতা মেনে নেওয়া হবে না। তবে দল নিষিদ্ধ না হওয়ায় তারা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করেননি বলেও উল্লেখ করেন।
এর আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ৩৮ সেকেন্ডের একটি ভিডিওতে কার্যালয়ের ভেতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে স্লোগান দিতে দেখা যায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের। স্লোগান দেওয়া ব্যক্তি হিসেবে বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বিরের নাম উঠে আসে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, ভিডিওটি কবে ধারণ করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা দীর্ঘদিন ধরেই পলাতক বলে জানান তিনি। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।












