ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে আবারও দায়িত্ব পেয়েছেন নারায়ণগঞ্জের ব্যবসায়ী নেতা ও মহানগর বিএনপির নেতা মাসুদুজ্জামান।
সোমবার ঢাকার ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে অনুষ্ঠিত ক্লাবটির চতুর্থ বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
ক্লাবের সভাপতি জেনারেল (অব.) মোহাম্মদ আব্দুল মুবীন অসুস্থ থাকায় এজিএমে সভাপতিত্ব করেন পরিচালক মাহবুব উল আনাম। পরে নবনির্বাচিত সভাপতি বরকত উল্লা বুলুর সভাপতিত্বে পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাহবুব উল আনামকে ডিরেক্টর (ফাইন্যান্স) এবং মো. মোস্তাকুর রহমানকে ডিরেক্টর (স্পোর্টস) হিসেবে মনোনীত করা হয়। এছাড়া মোস্তফা কামালকে ফুটবল কমিটির চেয়ারম্যান করা হয়েছে। ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান করা হয়েছে মো. আবুল কালাম এমপি, এমএ সালাম ও মির্জা ইয়াসির আব্বাসকে।
এদিকে ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসুদুজ্জামান। পাশাপাশি হকি কমিটির চেয়ারম্যান করা হয়েছে সাজেদ এএ আদেলকে এবং নারী উইংয়ের চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন নিলোফার চৌধুরী মনি।
এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের পরিচালক হিসেবে পুনর্নির্বাচিত হন মাসুদুজ্জামান। দীর্ঘদিন ধরে তিনি ক্লাবটির পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
এছাড়া ক্লাবটির সভাপতি নির্বাচিত হয়েছেন বরকত উল্লা বুলু। গত ৬ মার্চ অন্যান্য প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় সভাপতিসহ পরিচালনা পর্ষদের মোট ১৭ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচিত অন্য পরিচালকরা হলেন— লোকমান হোসেন ভুঁইয়া, মাহবুবুল আনাম, মোস্তফা কামাল, মোস্তাকুর রহমান, এনায়েত হোসেন সিরাজ, খায়রুল কবীর খোকন, আবুল কালাম, মির্জা ইয়াসির আব্বাস, জহির আহমেদ, এসএ সালাম, নিলুফার চৌধুরী মনি, সাজেদ এএ আদেল, সৈয়দ রুম্মন বিন ওয়ালি সাব্বির, মাহমুদ হাসান খান ও জাকির হোসেন চৌধুরী।



















