রমজান মাসে যানজট নিরসন ও জনভোগান্তি কমাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
রোববার (৮ মার্চ) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান।
অভিযান চলাকালে রাস্তার ওপর অবৈধভাবে বসানো ভাসমান ভ্যান, দোকান ও টেবিল অপসারণ করা হয়। একই সঙ্গে বিভিন্ন অনিয়মের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
মোবাইল কোর্টের মাধ্যমে মুসা নামে এক তরমুজ ব্যবসায়ীকে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও নিম্নমানের খাবার বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় বৈশাখী রেস্তোরাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন ভূমি সহকারী পেশকার আতাউর রহমানসহ সোনারগাঁ থানা পুলিশ।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

















