ধানের শীষের বিজয় হলে এ দেশের নিপীড়িত মানুষের বিজয় হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ–সোনারগাঁ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
আজহারুল ইসলাম মান্নান বলেন, গত ১৭ বছর ধরে দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমরণ আন্দোলন-সংগ্রাম করে গেছেন। সেই আন্দোলনের ধারাবাহিকতায় আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে।
গণসংযোগে বক্তব্য রাখতে গিয়ে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে কঠোর সতর্কবার্তা দেন। তিনি বলেন, যেসব বিএনপি নেতাকর্মী দিনের বেলায় ধানের শীষ প্রতীক বহন করেন, অথচ রাতের আঁধারে অন্য প্রার্থীদের পক্ষে কাজ করেন তাদের চিহ্নিত করা হচ্ছে। সময় থাকতে সতর্ক হয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় তাদের পতন অনিবার্য।
তিনি আরও বলেন, এ ধরনের ব্যক্তিরা কখনোই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক হতে পারে না। তাদের ‘মীরজাফর’ আখ্যা দিয়ে মান্নান বলেন, মীরজাফরদের ঠাঁই বিএনপিতে নেই এবং সাধারণ মানুষও তাদের প্রত্যাখ্যান করবে।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, সাবেক সাধারণ সম্পাদক এমএ হালিম জুয়েল, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এসএম আসলাম, মহানগর যুবদলের সদস্যসচিব শাহেদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, সদস্য শহিদুল ইসলাম ও জুয়েল রানা, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সিদ্ধিরগঞ্জ থানা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা তৈয়ব আল হোসাইন, জেলা বিএনপির সাবেক সহ স্বাস্থ্যবিষয়ক সম্পাদক কবির হোসেন, জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান শিপন, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সম্রাট আকবরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।



















