নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার অঙ্গীকার করে তিন মাদক কারবারি থানায় আত্মসমর্পণ করেছেন। শুক্রবার (১৩ মার্চ) তারা রূপগঞ্জ থানায় এসে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন।
পরে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়ার পর স্থানীয় যুবদল নেতাদের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আত্মসমর্পণকারী তিনজন হলেন মিন্নত আলী ব্যাপারী, জাঙ্গীর আলম ও কাঞ্চন সরকার। তারা উপজেলার সদর ইউনিয়নের বাড়িয়াছনি এলাকার বাসিন্দা। স্থানীয় সদর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি রাশেদুল আলম বাবুর মাধ্যমে তারা থানায় এসে আত্মসমর্পণ করেন এবং ভবিষ্যতে মাদক ব্যবসার সঙ্গে আর জড়িত না থাকার প্রতিশ্রুতি দেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত রূপগঞ্জ গড়ে তুলতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং বেশ কয়েকজন মাদক কারবারি ও সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, চলমান অভিযানের প্রভাবেই ওই তিনজন মাদক কারবারি স্বেচ্ছায় থানায় এসে আত্মসমর্পণ করেছেন এবং স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
এদিকে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রত্যেককে একটি করে জায়নামাজ ও টুপি উপহার দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, ভবিষ্যতে তারা আবার মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়লে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



















