দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি পর্যায়ক্রমে মিড-ডে মিল চালু এবং শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াই-ফাই সুবিধা চালুর পরিকল্পনা নিয়েছে সরকার।
সোমবার (৯ মার্চ) রাজধানীতে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নসংক্রান্ত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন নিয়ে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব পরিকল্পনার কথা জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মন্ত্রী বলেন, শিক্ষাকে মুখস্থনির্ভর ধারা থেকে বের করে সৃজনশীলতা, বিশ্লেষণধর্মী চিন্তা এবং বাস্তব দক্ষতার ওপর ভিত্তি করে আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে।
তিনি আরও জানান, শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষক প্রশিক্ষণ জোরদার, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ, মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এছাড়াও শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে মাধ্যমিক স্তর থেকে তৃতীয় ভাষা শিক্ষা চালু, সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করা এবং খেলাধুলা, সংস্কৃতি ও নৈতিক শিক্ষায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।



















